Kathure ar kuduler galpo

নদীর পাড়ে গাছের নিচে বসে কাঠুরে কাঁদছে।

একে আপনারা চেনেন।

বহুদিন আগে এর কুড়ুল পড়ে গেছিল নদীতে। তার কান্নায়

জলদেবী উঠেছিলেন।

একটা সোনার কুড়ুল দেখিয়ে বলেছিলেন--এটা কি তোমার?

কাঠুরে বলেছিল--না।

রুপোর কুড়ুল দেখেও সে না বলেছিল।

জলদেবী তার সততায় মুগ্ধ হয়ে তাকে লোহার কুড়ুলের সাথে

সোনা ও রুপোর কুড়ুল দুটো উপহার দিয়েছিলেন।

আজ সেই কাঠুরে আবার কাঁদছে।

কাঠুরের কান্নার কারণ তার বউ।

সে কিছুতেই বিশ্বাস করে না যে ,জলদেবী তাকে ওইসব দিয়েছে।

সরজমিনে তদন্ত করতে এসে বউ গাছে উঠেছিল।কুড়ুলের

চোট মেরেছিল গাছে।

কুড়ুলটা ছিটকে পড়ল মাটিতে আর বউ পড়ল নদীর জলে।

নদীর জলে তলিয়ে গেছে বউ। কাঠুরে কাঁদছে অঝোর নয়নে।

জলদেবী উঠে এলেন । শুনলেন সব । বললেন--এখনই

তোমার বউকে এনে দিচ্ছি।

নদীর জল থেকে এক সুন্দরী তরুণীকে তুলে ধরলেন

জলদেবী । বললেন--এটাই কি তোমার বউ ?

নিয়মিত ভিডিও দেখার সুবাদে কাঠুরে তাকে চেনে। মেয়েটি

সিনেমার বিখ্যাত এক নায়িকা।

বলল--হ্যাঁ , দেবী ,এই-ই আমার বউ ।

জলদেবী বললেন--রাতারাতি এমন পরিবর্তন কেন তোমার,

তোমাকে তো আমি সত্যবাদী বলেই জানি।

কাঠুরে ম্লান হেসে বলল--অপরাধ নেবেন না দেবী , আমি

যদি বলি ওটা আমার বউ নয় তবে আপনি আবার ডুব

দেবেন ,তুলে আনবেন অন্য কোন নায়িকাকে।

আমি আবার বলবো--এটাও আমার বউ নয়।

তখন আপনি আমার আসল বউকে তুলবেন । শেষে সব কটাকেই আমাকে উপহার দেবেন।

ভেবে দেখুন একবার , তিনটে কুড়ুল একসাথে ঘরে রাখা যায়

কিন্তু তিনটে বউ--বাপ-রে বাপ!

তাই আমার এই মিথ্যাচার!